প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ২:৫২ পিএম আপডেট: ২৭.০৪.২০২৫ ৩:০৩ PM

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান সালেহ উদ্দিন ও তার স্ত্রী জুয়েলা নিলুফার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তার এনআইডি ব্লক করার কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, সুলতানুজ্জামান সালেহ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সালেহ উদ্দিন ও তার স্ত্রীর নামে অবৈধ ভাবে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়,সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এসব অবৈধ সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত যাতে না হয় সে জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বিএমটিএফ-এর দায়িত্ব নেওয়ার আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তার সময়েই স্মার্টকার্ডের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে চুক্তি করা হয়, যে প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কার্ড দিতে না পারার খেসারত এখনো দিতে হচ্ছে ইসিকে।
উল্লেখ্য, শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। এনআইডি ব্লক করা হলে নাগরিক সেবা বিঘ্নিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম