প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ৮:০১ PM

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কলেজ শিক্ষার্থী তাসনিয়া ইসলাম প্রেমা।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। এতে ওই পরিবারের আর কোনো সদস্য বেঁচে রইলেন না।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ নিয়ে লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
এদিকে, গত বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই দম্পতিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার মিরপুরের রফিকুল ইসলাম শামীম ও লুৎফুন নাহার সুমি দম্পতি এবং তাদের দুই মেয়ে আনীসা আক্তার (১৪) ও লিয়ানা (৮) এবং শামীমের ভাগ্নি তানিফা ইয়াসমিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শামীম-সুমি দম্পতির বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)।
বুধবার প্রেমাকে ও গতকাল বৃহস্পতিবার আরাধ্য নামের এক শিশুকে ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানা যায়, দুর্ঘটনার পর থেকেই প্রেমা অচেতন ছিলেন। প্রথম থেকেই তাঁকে চমেকের আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
অন্যদিকে একই দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর