জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বি এন পি'র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আলহাজ্ব ড. এম এ কাইয়ুম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে যারা আওয়ামী দোসর ছিলেন তাদের ক্ষমা এই বাংলার মাটিতে হবে না। মাঝে মধ্যে শুনতে পাই শেখ হাসিনা নাকি টুপ করে ঢুকে পড়বে। আমি বলতে চাই আপনি আসুন। আমরাও প্রস্তুত। আপনাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তুলে দেব।
মঙ্গলবার বিকেলে গুলশানে একটি মিলনায়তনে ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের ভাটারা থানার নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। দেশে মানুষকে খুন করেছে । গুম করেছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। গত ১৭ বছরে আইনশৃঙ্খলা বাহিনী এমন নির্যাতন করেছে যে মানুষ ক্ষিপ্ত হয়ে জুলাই আগস্টের বিপ্লবে শরিক হয়েছে। শেখ হাসিনাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পালিয়ে গেছে। শেখ মুজিবুর রহমানের কি রাজনৈতিক দর্শন যে পালিয়ে যেতে হলো।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমতে, কোন চাঁদাবাজি করবেন না। ব্যবসা করেন। আর আওয়ামী লীগের কোন লোকজনকে দলে ঠাঁই দিবেন না।দয়া করে নব্য বিএনপিকে জায়গা দিয়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করবেন না। আর আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে। আপনারা তা করবেন না। তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্য থাকবে না। আপনারা এমন কিছু করবেন না যাতে জুলাই আগস্টের শহীদদের রক্ষের সাথে বেইমানি করা হয়। ১৭ বছর স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। কিন্তু হঠাৎ করে এই ছাত্র জনতা আবাবিল পাখির মত এসে গণঅভ্যুত্থান করেছে। আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। তাদেরকে মনে রাখতে হবে।

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা এম কাইয়ুম বলেন, ঢাকা ১১ আসনকে আদর্শিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এই এলাকায় কোনো চাঁদাবাজি দখলদারিসহ কোনো অপকর্ম হতে দেওয়া হবে না। আমিও খোঁজ খবর রাখছি ,আপনারাও খোঁজ খবর রাখবেন। কোথাও চাঁদাবাজি দখলদারি র খবর পেলেই আমাকে জানাবেন। অপকর্মকারী যেইহোক না কেন তাকে আইনের হাতে তুলে দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের ভাটারা থানার কর্ণধার ও ভাটারা থানা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কাশেম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আজহারুল ইসলাম সেলিম, ভাটারা থানা যুবদল এর সাবেক আহ্বায়ক দেলোয়ার মেম্বার, ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমআর