
তিন মাস পর আজ (১০ নভেম্বর) রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে বড়ো জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলটির। মূলত, ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস পালন করে আসছে আওয়ামী লীগ। এ দিসবকে কেন্দ্র করে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে দলটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। গত ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের এটিই প্রথম কর্মসূচি। দলের ফেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচির কথা জানিয়েছে আওয়ামী লীগ। ওই পোস্টে জানানো হয়েছে, আজ বিকাল ৩ টায় গুলিস্তান জিরো পয়েন্টে দলটির ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অথচ গণঅভ্যুথানের ফলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সভানেত্রী পালনের পর দলের অন্যান্য নেতারাও পালিয়ে গেছেন। এ অবস্থায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। তবে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম।
গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বার্তা দেন। ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, দেশে এখন আওয়ামী লীগের সমাবেশ বা মিছিল করার কোনো সুযোগ নেই। পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটি বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করার মতো কোনো সাহস নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করবে না।
আওয়ামী লীগের তৃণমূল সূত্র জানায়, রাজধানীতে তাদের আজকের কর্মসূচি পালনে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে আহ্বান জানানো হয়েছে। এবিষয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট করা হয়। সূত্রমতে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা ওই কর্মসূচি ঘিরে প্রকাশ্যে আসার চেষ্টা করছেন। তারা (আত্মগোপনে) সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে সরব হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের টার্গেট নিয়ে থানা-ওয়ার্ডসহ বিভিন্নস্তরে তাদের দলীয় নেতাকর্মীদের মাঠে নেমে আসতে দিচ্ছেন সাংগঠনিক নির্দেশনা।
গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আরেকটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। এর আগেও (দুই তিনবার) কল রেকর্ড ফাঁস হয়। সূত্র জানান, ফাঁস হওয়া রেকর্ডগুলোয় শেখ হাসিনা কথপোকথন করেছেন আওয়ামী লীগের পাতি নেতাদের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তিনজন নেতা বলেন, আমাদের নেত্রীর (শেখ হাসিনা) এখন যে অবস্থাÑতিনি দলে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। কেন্দ্রীয়সহ তৃণমূলের নেতাদের কাছে তার গুরুত্ব হারিয়ে যাচ্ছে। কারণ, সম্প্রতিক যে কয়টা অডিও কল রেকর্ড ফাঁসের পর ভাইরাল হয়েছেÑসেখানে পাতি নেতাদের সঙ্গে শেখ হাসিনা কথপোকথন করেছেন। শেখ হাসিনা দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে বিশ^াস হারিয়েছেন বলেও তারা জানান। এক প্রশ্নের জবাবে নগরের ওই তিন নেতা জানান, আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থার বেহাল পরিস্থিতি। এরমধ্যে দলীয় সভাপতির ফাঁস হওয়া প্রতিটি কলরেকর্ডের কথপোকথন একেবারেই সাধারণ নেতাদের সঙ্গে। সবমিলে আওয়ামী লীগের পথ এখন দেউলিয়ার দিকে।
তৈমুর ফারুক তুষার নামের এক ফেসবুক আইডিতেও শেখ হাসিনার ফাঁস হওয়া কলরেকর্ড নিয়ে কথা বলা হয়েছে। জানা গেছে, তিনি একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ প্রতিবেদক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সরকারের বিট কাভার করেছেন। নিজ আইডিতে তৈমুর ফারুক লিখেছেন, মাঝে মধ্যেই আওয়ামী লীগ সভাপতির সঙ্গে তৃণমূলের নেতাদের ফোন কলরেকর্ড অনলাইনে শুনতে পাচ্ছি। এগুলো যদি সত্যি হয় তবে একটা কথা না বললেই নয়। এই কলরেকর্ডের মধ্যে দিয়ে দলটির উপর এবং নিচ উভয় পর্যায়ের দেউলিয়াত্ব তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি একদম যার তার সঙ্গে দলের কৌশল নিয়ে আলাপ করছেন। সরাসরি নানা নির্দেশনা দিচ্ছেন। এর মানে হলো সভাপতি এবং তৃণমূলের মাঝখানে সংযোগের জন্য আস্থা রাখার মতো কেন্দ্রীয় নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। আবার আওয়ামী লীগ সভাপতি তৃণমূলের যাদের সঙ্গে কথা বলছেন তারা আত্মপ্রচারের জন্য কলরেকর্ড পাবলিক করে দিচ্ছে। মানে হলো, তৃণমূলের নেতাদের দল ও দলের নেতৃত্বের প্রতি আনুগত্য হারিয়ে গেছে। তিনি লিখেন, আওয়ামী লীগকে রাজনীতিতে হারানো অবস্থান ফিরে পেতে দলের কেন্দ্র থেকে তৃণমূলে এই দেউলিয়াত্ব দূর করতে হবে। শুধু ইউনূস সরকারের ভূল ও ব্যর্থতাকে পুজি করে ফেরার আশায় না থেকে সাংগঠনিক সংস্কার ও পুনর্গঠনে আওয়ামী লীগের মনোযোগ দেয়া দরকার।
শেখ হাসিনার সর্বশেষ কলরেকর্ড ফাঁস হয়েছে গত শুক্রবার। সূত্রমতে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এফএম শরিফুল ইসলামের সঙ্গে তার কথপোকথন হয়। শেখ হাসিনার কন্ঠে ঘুরেফিরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উঠে আসে। তিনি ট্রাম্পের ছবিসহ প্লেকার্ড হাতে (১০ নভেম্বর) রোববার আওয়ামী লীগকে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন। কথপোকথনে হাসিনা বলেন, রোববার বিক্ষোভ মিছিলে ট্রাম্পের ছবি রাখবা। ট্রাম্পের ছবির ওপর তো হামলা আসবে। ওই ছবি তুলে আমাকে পাঠাইয়া দিবা। আমি ছবি ট্রাম্পের কাছে পাঠাইয়া দিব। তার সাথে আমার লিঙ্ক আছে, যোগাযোগ আছে। কথোপকথনের অপর ব্যক্তি বারবার-ই বলেন জি আপা। আমাদের প্রিপারেশন ভালো আছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে বড়ো জমায়েত করার চেষ্টা করছি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলটির মন্ত্রী, এমপি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতারা আছেন আত্মগোপনে। তবে, এদের অনেকেই হত্যসহ অন্য মামলায় গ্রেফতার হয়ে জেলে আছেন। কেউ পালিয়ে বিদেশ গেছেন। হত্যাসহ অন্য শতাধিক মামলার আসামিও শেখ হাসিনা।
স্বদেশ প্রতিদিন/এমআর