শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ঐতিহাসিক বড় সরদার বাড়ি
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ২:৫৭ পিএম

সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক ‘বড় সরদার বাড়ি’ মুসলিম ঐতিহ্যিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার স্থাপত্যশৈলীর প্রায় সব নিদর্শন যেন একসাথে গাথা এই বাড়িটিতে। যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ঈশা খাঁর বাড়ি হিসেবে। বার ভুঁইয়া, মুঘল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে বড় সরদার বাড়ির বয়স ৬০০ বছর। সরদার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য। যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। বাড়ির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দীঘি। সামনের দীঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি। আর সর্দার বাড়ির পেছনের দীঘিতে দেখতে পাবেন শান বাঁধানো ঘাট। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত। অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। 

তথ্যানুসন্ধানে জানা গেছে, সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস- ঐতিহ্যের ধারক বড় সরদার বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সরদার বা বড় সরদার নামে একজন ব্যবসায়ী। তখন থেকেই এই ভবনটির পরিচিতি বড় সরদার বাড়ি হিসেবে। ভবনটি নির্মিত হয়েছে ছোট ছোট পাতলা জাফরি ইট, বারান্দা ঘেরা ওঠান, উপরে ত্রিভুজাকৃতির দেয়াল, নিচে অষ্টভুজ পিলারে। যার দেয়ালের পরতে পরতে সুগ্ধ কারুকাজ, চুনসুরকির আস্তরণে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কালের বিবর্তনে ঐতিহ্যিক ভবনটির নাম বদলিয়ে এখন হয়েছে বড় সরদার বাড়ি। 


বড় সরদার বাড়ি উদ্যানের মুখে প্রহরীদের কুঠুরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড জলসা ঘর, ত্রিশ ফুট উচ্চতা ও খাঁড়া ছাদ ২৩টি। জলসা ঘর পেরিয়ে চতুরপার্শে নিচতলায় ও দ্বিতল বারান্দায় পাঁচ ফুট পর পর সুনিপুণ কারুকার্য খিলানের ওপর লতানো কারুকাজের দ্বিতল ভবন।ভবনটির আয়তন ২৭ হাজার ৪০০ বর্গফুট। নিচতলায় কক্ষ রয়েছে ৪৭টি। দ্বিতীয় তলায় কক্ষ সংখ্যা ৩৮টি। 

ঐতিহাসিক এই আবাসিক ইমারতের সম্মুখভাগের লিখন অনুযায়ী জানা যায় প্রধান ফটকে। সন ১৩০৮ সাল শ্রী শ্রী যুক্ত ওঁ গোপীনাথ জিউর এবং সর্বশেষ ১৩৩০ সনে সংস্কার করা হয়। এর প্রমাণ সংস্কার কাজ শেষে ভবনের দেয়ালে উৎকীর্ণ লিপিতে রয়েছে। শ্রী শ্রী যুক্ত গোপীনাথ জীউর শ্রী শ্রী চরণ ভরসা। সেবক বাশীনাথ সাহা সরদার সন ১৩৩০ সন ইছাপাড়া ভবন । 

আরো জানা গেছে,বড় সর্দার বাড়িটি বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল।১৯৮১ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক এ ভবনটিকে সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে।বাড়িটির ঐতিহ্য ও পুরোনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনতে ২০১২ সালের ৩ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের মধ্যে বড় সরদার বাড়ির সংস্কার কাজের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।

দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় বিশ কোটি টাকা ব্যয় করে ২০১৬ সালে বাড়িটির রেস্টোরেশন কাজ সম্পন্ন হয়। প্রায় ৫ বছরের প্রচেষ্টায় রেস্টোরেশনের মাধ্যমে বড় সরদার বাড়িটি তার হারানো ঐতিহ্য,জৌলুস ফিরে পায়। 


স্থানীয় ইতিহাসবিদ, লেখক ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে,সোনারগাঁ বা সুবর্ণগ্রাম ছিল মধ্যযুগীয় বাংলার (১২৯৬-১৬০৮) প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। ১৩৩৮ সালে এই শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। এ কারণে সোনারগাঁর আশপাশে গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক ও বাণিজ্যিক নানা স্থাপনা। ১৬০৮ সালে মোগল সাম্রাজ্যের পূর্ব সুবাহর রাজধানী সোনারগাঁ( সুবর্ণগ্রাম )থেকে জাহাঙ্গীরনগরে (বর্তমান ঢাকা) সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য (১৬০৮–১৭৫৭) এই এলাকার জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। ঔপনিবেশিক শাসনের সময় (১৭৫৭–১৯৪৭) হিন্দু জমিদার ও বণিকদের কল্যাণে আবারও শুরু হয় অর্থনৈতিক বিকাশ। 

দেশভাগের পর সোনারগাঁর বিত্তশালী হিন্দু পরিবার–পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁই হয়ে পড়ে জনমানবশূন্য প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হতে থাকে। তেমনই একটি আবাসিক নিদর্শন বড় সরদার বাড়ি।১৯৭২ সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করার আগপর্যন্ত ধ্বংসপ্রায় এই স্থাপনা প্রায় অব্যবহৃতই পড়ে ছিল। আশির দশকের গোড়ার দিকে এই সম্পত্তি পুনরুদ্ধার করে সংস্কার করে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ। এটিকে জাতীয় লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে পরিণত করে। 

ঐতিহাসিক বড় সরদার বাড়িতে দেশি পর্যটকের প্রবেশমূল্য ১০০ টাকা আর বিদেশি পর্যটকের জন্য ২০০ টাকা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close