প্রকাশ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৭:২৩ পিএম
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে দেশে আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে।
করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো আছেন। সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি।
এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মুজিবজন্ম শতবার্ষিকী’ উপলক্ষে নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের প্রস্তুস্তি নেওয়া হচ্ছে। শিগগিরই সেই কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, সাড়ে ৪ কোটি ভ্যাকসিন হাতে আছে। আর কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল হয়েছে। নতুন নতুন রূপে করোনা ফিরে আসছে এ কথা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
তারও আগে গত সোমবার (১৩ ডিসেম্বর) কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের।
এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৩ জনে। একই সময়ে নতুন করে আরো ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন।
দেশে করোনা টিকার আওতায় এসেছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরাও। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ করোনা টিকা নিতে পারেন।
স্বদেশ প্রতিদিন/নিশাদ