প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ২১০ দিন শেষে সচিব সভার আয়োজন করা হচ্ছে।
সভায় সরকারের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারের কার্যক্রম-সংশ্লিষ্ট আনুষ্ঠানিক বিষয়গুলোও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় নিয়েও সভায় আলোচনা হবে। এ ধরনের বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে।
সচিব সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সভায় বিবিধ বিষয়ও আলোচনায় থাকবে। সভাকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতিও নেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়।
সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হিসেবে বিবেচিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এবারের সভায়ও সরকারের চলমান কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক সমন্বয় এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে করণীয় নিয়ে সচিবদের মধ্যে মতবিনিময় হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ