| শিরোনাম: |

জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন আপাতত স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে অটোমেশন পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট এবং প্রশাসনিক পদে থাকা চিকিৎসকরা প্রায়ই উচ্চতর পদে চলতি দায়িত্ব বা পছন্দের প্রতিষ্ঠানে বদলি-পদায়নের জন্য আবেদন করে থাকেন। তবে বর্তমানে পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই পদোন্নতির কাজ সম্পন্ন করে চিকিৎসকদের মেধাক্রম, বিসিএস ব্যাচ ও পছন্দের বিষয় বিবেচনায় এনে অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তাই জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়নের আবেদন আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন অটোমেশন পদ্ধতি চালু হলে বদলি-পদায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ