প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৩:১২ PM

সংগৃহীত ছবি
পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন।
নিজের সিদ্ধান্ত তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি ভোটে দাঁড়াতে চাই। ইতোমধ্যে মনোনয়নের জন্য আবেদন করেছি। বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। নির্বাচন করার উপযুক্ত সময় এলে এই পদ থেকে পদত্যাগ করব।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি অভিযোগ করেন যে, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।
আসাদুজ্জামান বলেন, “রায় ঘোষণার পর রায় পরিবর্তন করা হয়েছে, যা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ। তত্ত্বাবধায়ক সরকার কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই বাতিলের রায় প্রদান করেছিল।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আপিল বিভাগ যে রায় দেবে, তা আগামী প্রজন্ম এবং দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ