প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১:৫২ AM আপডেট: ১৯.১০.২০২৫ ২:০১ এএম

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে প্রায় সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি; জাহাজে থাকা ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর শনিবার সকালে উপকূলে নিয়ে আসার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় এটি ডুবে যায়। জাহাজটির তলায় ফাটল ধরায় হ্যাচে পানি ঢুকে পড়ে এবং সেটি ধীরে ধীরে ডুবে যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটি সি-ওয়ার্ল্ড শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন। তিনি বলেন, ১২০০ টন কাঁচামালসহ জাহাজটি ডুবে গেছে। তবে যেহেতু এটি বন্দর চ্যানেলের বাইরে ডুবেছে, তাই বন্দর কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটছে না। জাহাজের মালিকপক্ষকে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ