প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৫:৪৩ PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার অবশিষ্ট সাক্ষ্য প্রদান করেন। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে বাংলাদেশে গত ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর ঘটবে না।
ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে মাহমুদুর রহমান বলেন, তিনি একজন সাংবাদিক ও ইতিহাস গবেষক হিসেবে ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের উত্থান ও পতন প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও লেখালেখির মাধ্যমে জনগণকে অবহিত করার চেষ্টা করেছেন।
সাক্ষ্যে তিনি আরও উল্লেখ করেন, অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে ১৪০০ শহীদ ও ২০ হাজার আহত পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হবে। এছাড়া ভবিষ্যতে আসা সরকাররাও সতর্ক থাকবে।
সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা শুরু করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। একই দিনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের সম্ভাবনা কম বলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয়েছে।
মামলায় এখন পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ৮৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে তথ্যসূত্র, জব্দ তালিকা, শহীদদের তালিকা এবং অন্যান্য প্রমাণাদি অন্তর্ভুক্ত। সাক্ষীদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা গত বছরের জুলাই-আগস্টে দেশজুড়ে হত্যাযজ্ঞের বীভৎস চিত্র প্রকাশ করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ