প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২২ AM

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত অজ্ঞাতনামা ৬ জন ব্যক্তির মরদেহ আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর।
গত এক বছর ধরে এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল। নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কেউ মরদেহগুলো নিতে আসেননি, ফলে অজ্ঞাত হিসেবেই দাফন করা হচ্ছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘জুলাই আন্দোলনের গুলিতে নিহত ৬টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি আগামীকাল (আজ) সকাল ১১ টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল এর কাছে এই লাশ ছয়টি হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এ লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, এই অজ্ঞাত ৬টি লাশের মধ্যে ৩ টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২ টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম