প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৩:২২ পিএম

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।
তিনি জানান, সকালে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করা হয়। নিহত সানি ওরফে পেপার সানি পরিহিত ছিল শার্ট ও জিন্স প্যান্ট। পা ছিল গামছায় বাধা। গলা ছিল কাটা ও রক্তাক্ত।
ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত পেপার সানির বিরুদ্ধেও পল্লবী থানায় মাদকসহ ৫ টি মামলা রয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, মাদক নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো তদন্তনাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে নিহত সানি অটোরিক্সা চালাতেন বলে দাবি করেছেন তার পরিবার। তারা জানান, দুরবৃত্তরা গত রমজান মাসেও তার ওপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজ সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দাসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি