প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম

২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম রোজা পালনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে রমজান শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে সেদিন রাতে প্রথম তারাবির নামাজ আদায়ের পর ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। তবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার ওপরই রমজানের আনুষ্ঠানিক শুরুর তারিখ নির্ভর করবে।
বাংলাদেশে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে এক দিন পর রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় এ দেশে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হতে পারে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে প্রথম তারাবির নামাজ আদায় করে পরদিন ৯ ফেব্রুয়ারি থেকে রোজা রাখতে পারেন দেশের মুসলমানরা।
কেন প্রতিবছর রমজান এগিয়ে আসে?
ইসলামি চন্দ্রবর্ষ গ্রেগরীয় সৌরবর্ষের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। হিজরি বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের হওয়ায় প্রতি বছর গ্রেগরীয় ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এ কারণে প্রায় ৩৩ বছরের একটি চক্রে মুসলমানেরা বছরের বিভিন্ন ঋতুতে রোজা পালনের অভিজ্ঞতা অর্জন করেন।
ঈদুল ফিতর কবে হতে পারে?
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তা শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হলে ২৯ রোজা পূর্ণ হতে পারে ৯ মার্চ। সে ক্ষেত্রে চাঁদ দেখা গেলে ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে। রমজান ৩০ দিনের হলে ঈদ হতে পারে ১১ মার্চ (বৃহস্পতিবার)। তবে বাংলাদেশের চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর নির্ভর করবে।
স্বদেশ প্রতিদিন/এস পি