প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ২:৫০ PM

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় তার পাশাপাশি আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উখিয়া থানায় পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে রিসোর্টের মালিক তানভীর আহমদ, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোর্শেদ এবং রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, অগ্নিকাণ্ডের পর শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান মজুমদার।
কক্সবাজারে কর্মরত সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, নিহতদের পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে স্থানীয় পর্যায়ে ডিএনএ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হতে পারে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমেই অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
উল্লেখ্য, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ভয়াবহ এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি