প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:২৯ পিএম

রাঙামাটির সাজেকের উজোবাজারে সড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে অবরোধের ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন, পরে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী, পর্যটকেরা নিরাপদে দিঘীনালার কাছাকাছি পৌঁছেছেন।
বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, সকালে প্রায় তিন হাজার পর্যটককে নিয়ে যাওয়া গাড়ির বহর উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অনুরোধ করলেও অবরোধকারীরা সরে যাননি। একপর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলে নিরাপত্তা বাহিনী তাঁদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। পর্যটকেরা উজোবাজার ছাড়ার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি হয় বলেও জানান তিনি। তবে হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তিন দফা দাবিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি তৃতীয়বারের মতো বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা। নিরাপত্তার কারণে সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর দ্বন্দ্ব থেকে এই অবরোধের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগগুলোকে ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে দাবি করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি