সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় রায়ের কপি হাতে পেলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি ২০২৩ সালের। এ বিষয়ে বিস্তারিত জানতে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্ট দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।’ সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন উল্লেখ করে তিনি জানান, সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাঁদের তালিকা বাংলাদেশকে পাঠায়। মন্ত্রণালয় সেসব তথ্যও খতিয়ে দেখছে।
এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি