প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:১১ পিএম

নরসিংদীর শিবপুরে জলপাই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মাহমুদুল প্রধান (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মাসিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহমুদুল প্রধান ওই গ্রামের মৃত জ্ঞান আলী প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশে জলপাই কুড়াতে গেলে গাছের ডালে মাহমুদুল প্রধানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা শিবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো একসময়ে বাড়ির পাশের জলপাই গাছের ডালে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি