প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় নানার বাড়ি বলে পরিচয় দেওয়া ১১ বছর বয়সী আঁখি নামে এক শিশুকে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলায় পাওয়া গেছে। তবে মেঘনা উপজেলায় তার নানার বাড়ি কোন গ্রামে, তা বলতে পারছে না শিশুটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় এক বাসিন্দা শিশুটিকে পেয়ে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করেন। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে তার স্বজনদের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম গিয়াস উদ্দিন ও মায়ের নাম রোকসানা। তাদের বাড়ি ঢাকার ধূপখোলা, গেন্ডারিয়া, সূত্রাপুর এলাকায়। তার বাবা পেশায় ফল বিক্রেতা। চার ভাইবোনের মধ্যে আখি সবার ছোট। তার বড় দুই ভাইয়ের নাম ফারুক ও রবিন এবং বড় বোনের নাম পারুল।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “আঁখি নামে একটি শিশু আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির পরিচয় ও তার পরিবারের সন্ধান পেতে সাংবাদিকদের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানাচ্ছি। কেউ শিশুটির পরিচয় বা পরিবারের সন্ধান পেলে দাউদকান্দি মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।”
স্বদেশ প্রতিদিন/এস পি