প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত নিয়োগ বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী, বঞ্চিত আবেদনকারী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে কলাগাছিয়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “আমরা সমস্ত সরকারি নীতিমালা ও প্রয়োজনীয় শর্ত মেনেই ডিলারশিপের জন্য আবেদন করেছিলাম। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে পর্দার আড়ালে অনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের ডিলারশিপের সুযোগ দেওয়া হয়েছে। প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে করা এই বিতর্কিত নিয়োগ আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে এ তালিকা বাতিল করার জোর দাবি জানাচ্ছি।”
একই কর্মসূচিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফাইজুর রহমান শুভ বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা থাকা জরুরি। কিন্তু গলাচিপায় যেভাবে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে, তাতে সাধারণ কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বেন। আমরা অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যোগ্য ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।”
তবে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। তিনি জানান, ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। নির্ধারিত সরকারি নিয়ম-কানুন ও গঠিত কমিটির সার্বিক তদারকির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ডিলার নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ