প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম

গর্ভকালীন সময়ে মা ও নারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবায় রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাব্যয় কমাতে স্বাস্থ্যবীমা ব্যবস্থা চালু ও স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে ‘ন্যাশনাল হেলথ প্রোটেকশন অথরিটি ইন বাংলাদেশ: ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাসপেক্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। এ কারণে অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসাব্যয় কমাতে স্বাস্থ্যবীমায় গুরুত্ব
চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষকে নিজের পকেট থেকে বিপুল অর্থ খরচ করতে হয়। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর আওতাধীন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, এ লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবীমা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক দুর্ভোগে পড়তে না হয়।
পর্যায়ক্রমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অগ্রাধিকারভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন, পাইলট কর্মসূচি গ্রহণ এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলার মাধ্যমে এ লক্ষ্য অর্জনে কাজ করা হবে।
ওয়ান-স্টপ সেবা চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে গর্ভকালীন সময়ে মা ও নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে ভোগান্তি কমানো এবং প্রয়োজনীয় সেবা আরও সমন্বিতভাবে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি