প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ AM

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সময়ে দেশের গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ (ডব্লিউইও) প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে গত এপ্রিলে প্রকাশিত পূর্বাভাসে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল আইএমএফ। নতুন পূর্বাভাসে তা কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করা হয়েছে। জুলাইয়ে সংস্থাটির পূর্বাভাস ছিল ৩ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে, মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়িয়েছে আইএমএফ। এপ্রিলে চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি। নতুন পূর্বাভাসে তা বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।
প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো এবং মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়ানোর মধ্য দিয়ে দেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অন্য সংস্থার পূর্বাভাসও কম
বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের পূর্বাভাস অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তুলনায় কম। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস ৪ শতাংশ।
আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ। এর আগের অর্থবছরে এই হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ।
ভারত ও ভুটানের প্রবৃদ্ধি বেশি হওয়ার পূর্বাভাস
আইএমএফের পূর্বাভাসে চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ভুটানের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের মধ্যে সংস্থাটির নতুন পূর্বাভাস প্রকাশ করা হলো। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কর্মসূচি এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন পাওয়ার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি