মোবাইল কোর্টে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:১৭ পিএম

দেশীয় মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১০০ মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে সান্দিকোণা ইউনিয়নের ডাউকি এলাকার মোড়াই বিলে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে জব্দ করা অবৈধ জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট অভিযান শেষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারিতে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমও সম্পন্ন করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ