প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম

প্রথমবারের মতো পাকিস্তান সফর শুরু করেছেন ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশটিতে ভ্যাটিকান সিটির কোনো শীর্ষ কূটনীতিকের এটিই প্রথম সফর।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্যালাহার হলি সির (ভ্যাটিকান) রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার পর্যন্ত চলবে তার এই সফর। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন গ্যালাহার। বৈঠকে আন্তধর্মীয় সম্প্রীতি, সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ এবং দেশটির ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন ভ্যাটিকানের এই শীর্ষ কূটনীতিক।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্যালাহারের সফর পাকিস্তান ও হলি সির দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সফরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও ভ্যাটিকানের যৌথ অঙ্গীকারও এই সফরের মাধ্যমে প্রতিফলিত হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ