প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:১৭ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে তার আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটির অনুমোদন মিলেছে। পরের দুই দিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ