প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ পিএম

নওগাঁর পোরশায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালাইবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) এবং মো. তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ